মুক্তাগাছায় সড়ক পার হতে গিয়ে আহত বৃদ্ধার মৃত্যু

আপডেট : ০৭ জুন ২০১৬, ১৬:০৫
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় সড়ক পারাপারের সময় পথচারী এক আহত বৃদ্ধার মৃত্যু হয়েছে। নিহত মরিয়ম বেগম (১০২) মুক্তাগাছা পৌরসভাধীন ঈশ্বরগ্রামের বাসিন্দা।
 
পুলিশ জানায়, সোমবার সন্ধ্যার পর মরিয়ম উপজেলার হৃদয়ের মোড় এলাকায় ময়মনসিংহ-মুক্তাগাছা মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে পরে তাকে জেলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
 
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মাহবুবুল হক বলেন, ‘ঘটনাটি আমরা জেনেছি। এখন লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নেয়া হচ্ছে। মামলারও প্রস্তুতি নেয়া হচ্ছে।’