জঙ্গিবাদ আরো বেশি পুষ্টি লাভ করছে: ফখরুল

আপডেট : ০৭ জুন ২০১৬, ১৬:১৫
 
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, সরকারের নিষ্ক্রিয়তায় জঙ্গিবাদী উগ্রপন্থীরা মনে হয় দেশের কর্তৃত্ব গ্রহণ করেছে। সংগঠিত জঙ্গিরা দেশের মধ্যেই একের পর এক অভয়ারণ্য তৈরি করে যাচ্ছে। তাদের অস্তিত্ব ধ্বংস না হয়ে বরং আরও বেশি পুষ্টি লাভ করছে।
 
মঙ্গলবার ভোরে দুর্বৃত্তদের হামলায় ঝিনাইদহের করাতিপাড়ায় সনাতন ধর্মাবলম্বী পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলীকে গলা কেটে হত্যার প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব এ কথা বলেন।
 
​মির্জা ফখরুল অভিযোগ করেন, দেশব্যাপী চলছে বেছে বেছে হত্যাকাণ্ড। আর এই হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন ভিন্ন মতাবলম্বী ব্লগার, ধর্মগুরু, পুরোহিত, যাযক, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান সম্প্রদায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিদেশি নাগরিক, মসজিদের ইমাম-মোয়াজ্জিন, পীর ও পীরের শিষ্য, প্রকাশক, পুলিশ সদস্য ও পুলিশ সদস্যের পরিবার।
 

তিনি বলেন, চট্টগ্রামে পুলিশ সুপারের স্ত্রী মাহমুদা খানমকে হত্যা ঘৃণ্য ও কাপুরুষোচিত অমানবিক কাজ। নাটোরের খ্রিষ্টান মুদি দোকানি দানিয়েল গোমেজকে হত্যা নজিরবিহীন নৃশংসতা। এরই ধারাবাহিকতায় ঝিনাইদহের করাতিপাড়ায় সনাতন ধর্মাবলম্বী পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলীকে গলা কেটে পৈশাচিকভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা।