নির্বাচনে বিশ্বাস ভঙ্গ হওয়ায় উপজেলা ভোটে সাড়া নেই :বিএনপি

আপডেট : ১৯ মার্চ ২০১৯, ২২:৪৫

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সোমবার দ্বিতীয় দফা একতরফা উপজেলা নির্বাচনে জনগণ কোনো সাড়া দেয়নি। গতকাল এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল আরো বলেন, মধ্যরাতে ব্যালট বাক্স ভর্তি করে ক্ষমতা দখলের পর বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনকে জনগণ বিশ্বাসযোগ্য মনে করে না। বিশ্বাস ভঙ্গ করেছে সরকার। এই সরকার জনগণের আস্থা থেকে অনেক দূরে সরে গেছে। দেশকে বিরোধী দলহীন করার জন্য সরকার তার সরকারি যন্ত্রকে ব্যবহার করছে। ভোটারবিহীন উপজেলা নির্বাচনে দখলদারিত্ব নিয়ে ক্ষমতাসীন দলের লোকেরা নিজেরাই খুনখারাপিতে লিপ্ত হয়ে পড়েছে। বাঘাইছড়িতে নির্বাচনী দায়িত্বরত ব্যক্তিদের ওপর হামলা সুপরিকল্পিত উল্লেখ করে ফখরুল এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। হামলায় জড়িতদের খুঁজে বের করে শাস্তি দেওয়ারও দাবি জানান তিনি।

অপর এক বিবৃতিতে বিএনপি মহাসচিব নেদারল্যান্ডে একটি ট্রামে বন্দুকধারীদের গুলিতে হতাহতের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।