চৌগাছায় নির্বাচনী সহিংসতায় আহত ২০, বাড়ি ভাঙচুর

আপডেট : ০৭ জুন ২০১৬, ১৮:২৯
যশোরের চৌগাছার সুখপুকুরিয়া ইউনিয়নের বল্লভপুর গ্রামে নৌকা সমর্থকদের বাড়িঘর ভাঙচুর করেছে বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা। এ সময় সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন আহত হয়েছেন।
 
সংঘর্ষের সময় হামলাকারীরা আতঙ্ক ছড়ানোর জন্য কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটায়। সংঘর্ষের পর এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় পুলিশ সাতজনকে গ্রেফতার করেছে।
 
স্থানীয়রা জানান, সোমবার রাত ১০টার দিকে বল্লভপুর গ্রামের পরাজিত মেম্বার প্রার্থীর সমর্থক আব্দুল মাজিদের বাড়িতে হামলা চালায় বিজয়ী মেম্বার প্রার্থীর সমর্থকরা। হামলায় মতুর আলী, ইজ্জত আলী, শরিফুল ইসলাম, কবির হোসেন, সাহাঙ্গীর হোসেন, বিপ্লব হোসেন, সাইদুল ইসলামসহ ১৫-২০ আহত হন। আহতদের চৌগাছা হাসপাতালে ভর্তি করা হয়। মতুর আলীর অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
 
সংঘর্ষের ঘটনায় সোহরাব হোসেন বাদী হয়ে মঙ্গলবার সকালে চৌগাছা থানায় মামলা করে। পুলিশ ওই মামলায় তারাচাঁদ, জাহিদুর রহমান, জিনারুল ইসলাম, তবিবর রহমান, মহসিন আলী, চঞ্চল হোসেন, স্বপন হোসেনকে গ্রেফতার  করেছে।
 
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। চৌগাছা থানার উপ-পরিদর্শক শাহ আলমের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে টহল দিচ্ছে। এসআই শাহ আলম জানিয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।