জাহালম প্রসঙ্গ

সিনেমা নির্মাণে নিষেধাজ্ঞা চেয়ে দুদকের আবেদন

আপডেট : ১৯ মার্চ ২০১৯, ২২:৪৬

পাটকল শ্রমিক জাহালমকে নিয়ে সিনেমা বা নাটক তৈরির ওপর নিষেধাজ্ঞা চেয়ে গতকাল হাইকোর্টে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আবেদনে বলা হয়েছে, জাহালম ইস্যু এখন উচ্চ আদালতে বিচারাধীন। বিচারাধীন বিষয়ে কোন মন্তব্য বা সিনেমা তৈরি করা আদালত অবমাননার শামিল। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কেএম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হতে পারে।

আবেদন দাখিলের পর দুদক কৌসুলি খুরশীদ আলম খান সাংবাদিকদের বলেন, নিম্ন আদালতে সোনালী ব্যাংকের ঋণ জালিয়াতি সংক্রান্ত ৩৩টি মামলা এবং জাহালমের বিষয়ে উচ্চ আদালতের রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই ঘটনার উপর কোন ধরনের চলচ্চিত্র বা নাটক যাতে নির্মিত না হয় সে বিষয়ে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে। তিনি বলেন, যিনি সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছিলেন তিনি তার সিদ্ধান্ত স্থগিত করেছেন বলে শুনেছি। ওই পরিচালক হয়ত তার সিদ্ধান্ত স্থগিত করেছেন কিন্তু আরেকজন চাইবেন কিছু একটা করতে। এ কারণে এই আবেদন।