হাসপাতাল ছাড়লেন শার্শার সেই গৃহবধূ

আপডেট : ০৭ জুন ২০১৬, ২০:৫৫
যশোরের শার্শায় ‘ধর্ষণের’ শিকার সেই গৃহবধূকে হাসপাতাল ছাড়তে বাধ্য করা হয়ে বলে অভিযোগ উঠেছে।
 
শার্শা উপজেলার গোগা ইউনিয়নের আমলাই গ্রামের ওই গৃহবধূকে রবিবার বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণ করা  হয় বলে অভিযোগ। সোমবার দুপুরে ওই গৃহবধূকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার সকালে তার ডাক্তারি পরীক্ষার কথা ছিল। কিন্তু সোমবার সন্ধ্যায় তিনি হাসপাতাল থেকে চলে যান। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, তিনি পালিয়ে গেছেন।
 
হাসপাতাল থেকে চলে যাওয়ার বিষয়ে তার স্বামী সাংবাদিকদের বলেছেন, স্থানীয় চেয়ারম্যান, মেম্বাররা তাকে বিষয়টির সুরাহা করে দেয়ার কথা বলেছেন। তারা বাড়ি ফিরতে বলেছেন। তাই তারা হাসপাতাল ছেড়ে চলে গেছেন।
 
স্থানীয় সূত্র জানায়, ধর্ষণের বিষয়টি প্রভাবশালীদের ভয়ে তারা আপস করতে বাধ্য হয়েছেন।
 
তিনি বলেন, ৪ জুন অনুষ্ঠিত ইউপি নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে ধানের শীষে ভোট  দেন। এতে সেদিনই তাদের ওপর হামলার চেষ্টা করা হয়। এরপর ভয়ে ওইদিন তারা বাড়ি ছিলেন না। রবিবার সন্ধ্যায় বাড়ি ফেরেন। রাতে ৭-৮ জন যুবক বাড়িতে হামলা করে। এ সময় তাকে মারধর করে বাড়ির পাশে নিয়ে তার স্ত্রীকে ধর্ষণ করে।