যশোরের শার্শা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সোহবার হোসেন ছুরিকাহত হয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যায় যশোর শহরের নিউ নুরু হোটেলের সামনে এ ঘটনা ঘটে। সোহরাব দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে ঝিকরগাছা বাজারে গিয়ে চিকিৎসা নিয়েছেন। এ খবর শার্শায় ছড়িয়ে পড়লে সোহবার ভক্তরা নাভারণ বাজারে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য মতে, সোহবার হোসেনসহ চারজন মঙ্গলবার শহরের মাইকপট্টি এলাকার নিউ নুরু হোটেলের সামনে অবস্থান করছিলেন। এ সময় ৮-১০ তাকে ঘিরে ধরেন। একপর্যায়ে তার পেটে ও বুকে ছুরিকাঘাতের চেষ্টা করা হয়। কিন্তু সঙ্গে থাকা লোকজন ও সোহরাব হাত দিয়ে ঠেকানোর কারণে বেশি আঘাতপ্রাপ্ত হননি। তার হাতে ও পায়ে ছুরিকাঘাত করা হয়। এ সময় তিনি দ্রুত স্থান ত্যাগ করে ঝিকরগাছায় যান। সেখানে তিনি চিকিৎসা নিয়েছেন।
যশোর কোতোয়ালি মডেল থানার ওসি ইলিয়াস হোসেন জানান, শার্শা আওয়ামী লীগের দুই গ্রুপ যশোরে এসে মারামারি করে আবার শার্শায় ফিরে গেছে।
শার্শা থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, সোহবার হোসেন ছুরিকাহত হওয়ার খবরে তার লোকজন নাভারণ বাজারে সড়ক অবরোধ করে।
