যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট প্রার্থী হিলারি

আপডেট : ০৭ জুন ২০১৬, ২৩:৩৭
গণতন্ত্র থেকে নারী স্বাধীনতা নিয়ে যে দেশটির নাম বারবার উঠে আসে সেটি হলো মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু সেই দেশটিকে একজন নারী প্রেসিডেন্ট প্রার্থী পেতে অপেক্ষা করতে হলো ২২৭ বছর। গতকাল মঙ্গলবার প্রথমবারের মতো নিজ দল ডেমোক্র্যাটের মনোনয়ন নিশ্চিত করে ইতিহাসে নাম লেখালেন হিলারি ক্লিনটন। যদিও আনুষ্ঠানিকতার বাকি আছে। তিনি সাবেক পররাষ্ট্রমন্ত্রী সাবেক ফাস্ট লেডি এবং একজন সাবেক সিনেটরও। খবর বিবিসি’র

 

বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, প্রয়োজনীয় ২ হাজার ৩৮৩ জন ডেলিগেটের সমর্থন পাওয়ার পরই হিলারি ক্লিনটন দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের লড়াইয়ের জন্য দলের মনোনয়ন পেলেন। যুক্তরাষ্ট্রে রাজনৈতিক দল থেকে প্রথম নারী প্রার্থী হিসেবে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের মনোনয়ন পেলেন হিলারি ক্লিনটন। এপি জানিয়েছে, হিলারি ২ হাজার ৮৬৩ ডেলিগেটের সমর্থন পেয়েছেন। এর মধ্যে সুপার ডেলিগেট ৫৭১ জন। আর প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্সের ডেলিগেটের সংখ্যা দাঁড়িয়েছে   ১৫৬৯ জনে যেখানে সুপার ডেলিগেট ৪৮ জন। এক হিসাবে দেখা গেছে, প্রাইমারিতে হিলারি পেয়েছেন ৫৫ শতাংশ ভোট এবং স্যান্ডার্স পেয়েছেন ৪৩ শতাংশ। তবে স্যান্ডার্স বলেছেন, হিলারি ক্লিনটন জয় পাননি। কারণ তার সুপারডেলিগেটদের সমর্থন প্রয়োজন এবং তারা জুলাইয়ে দলের কনভেনশনের আগে আনুষ্ঠানিকভাবে ভোট দিতে পারবেন না। এর আগে রবিবার পুয়ের্তোরিকোর প্রাইমারিতে বড় জয় পান হিলারি ক্লিনটন। আগামী ১৪ জুন ওয়াশিংটন ডিসির ভোটের মাধ্যমে প্রাইমারি নির্বাচনের সমাপ্তি ঘটবে। ১৭৭৬ সালে যুক্তরাষ্ট্র ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। ১৭৮৯ সালে প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হন জর্জ ওয়াশিংটন। এ পর্যন্ত ৪২ জন প্রেসিডেন্ট পেয়েছে আমেরিকা যার মধ্যে ৪১ জনই শ্বেতাঙ্গ।