অমাবশ্যার জোয়ারে মনপুরার মূল ভূখণ্ডের ১ নং মনপুরা ইউনিয়নের চৌমহনী বাজার সংলগ্ন পশ্চিম পাশের বেড়ি বাঁধটির বেশ কয়েকটি জায়গায় ভেঙে ভিতরে পানি ঢুকে পাঁচটি গ্রাম প্লাবিত হয়েছে। ফলে ২০ সহস্রাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, অমাবশ্যার জোয়ারে মেঘনায় পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্রবল জোয়ারে পশ্চিম পাশের বেড়িবাঁধটি ভেঙে ১নং মনপুরা ইউনিয়নের কুলাগাজী তালুক, কাউয়ারটেক চৌমুহনী গ্রাম, রামনেওয়াজ বাজার, লঞ্চঘাট ও ইউনিয়ন পরিষদ এলাকা এবং বেড়িবাঁধের বাইরে হাজিরহাট ইউনিয়নের সোনারচর, চরজ্ঞান ও দাসের হাট গ্রাম তলিয়ে গেছে। এদিকে পানিবন্দি হাজির হাট ইউনিয়নের চরজ্ঞান গ্রামের আবুল কালাম ও সানারচরের নেজু মাঝি বলেন, জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় আমাদের ঘরগুলো পানিতে তলিয়ে গেছে। ঢেউয়ের তোড়ে ঘরের খুঁটির গোড়ার মাটি সরে গেছে। বাতাস হলে ঘরগুলো ঝুঁকে পড়বে। আমরা আতংকে আছি। এদিকে জোয়ারের পানিতে পুকুর ডুবে যাওয়ায় বিশুদ্ধ খাবার পানির সংকট দেখা দিয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী আবুল কালাম বলেন, বেড়িবাঁধ ভেঙে যাওয়ার খবর পেয়েছি। চরাঞ্চলগুলোতে বেড়িবাঁধ নেই। আমরা এ বিষয়গুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।
