পুরোহিত হত্যা: ঘটনাস্থলে ভারতীয় হাইকমিশনের ২ কর্মকর্তা

আপডেট : ০৮ জুন ২০১৬, ১৪:৩৯
 
ঝিনাইদহের নলডাঙ্গা মন্দিরের পুরোহিত আনন্দ গোপাল হত্যাকান্ডের স্থান পরিদর্শন করেছেন বাংলাদেশস্থ ভারতীয় হাইকমিশনের দুই কর্মকর্তা। বুধবার সকালে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
 
তারা হলেন- রাজনৈতিক সচিব রাজেশ উখাই ও প্রথম সচিব (কন্সুলার ও ভিসা) রামাতান্ত গুপ্তা।
 
ভারতীয় হাইকমিশনের দুই কর্মকর্তা প্রথমে ঢাকা থেকে বিমানযোগে যশোর যান। সেখান থেকে সড়ক পথে ঘটনাস্থলে পৌঁছান। হত্যাকাণ্ডের স্থান পরিদর্শন করেন।ঘটনাস্থলে স্থানীয়দের কাছে ঘটনার বিষয়ে জানতে চান। এরপর নিহতের বাড়িতে যান। সেখানে পরিবারের সদস্যদের সাথে কথা বলেন।
 
হাইকমিশনের দুই কর্মকর্তাদের সাথে ছিলেন ঝিনাইদহের পুলিশ সুপার আলতাফ হোসেন। তিনি পরিবারের সদস্যদের আশ্বস্ত করে বলেন, বাংলাদেশ সরকার এই হত্যাকান্ডের বিচার করবে। তবে তিনি মিডিয়ার সাথে কথা বলতে রাজি হন না।
 
নিহত পুরোহিতের ছেলে অরুন গোপাল গাঙ্গুলী বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় মামলা করেছেন। এজাহারে  আসামির নাম উল্লেখ করা হয়নি।

মঙ্গলবার সকালে মন্দিরে যাওয়ার সময় নলডাঙ্গা দুর্গা মন্দিরের বৃদ্ধ পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলিকে (৬৯) কুপিয়ে হত্যা করা হয়।