চান্দিনায় মেম্বার প্রার্থীদের শপথগ্রহণ

আপডেট : ০৮ জুন ২০১৬, ১৫:৪৮
চতুর্থ ধাপে অনুষ্ঠিত কুমিল্লার চান্দিনা উপজেলার সাধারণ ও সংরক্ষিত মেম্বার প্রার্থীদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
 
বুধবার দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ওই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ১১টি ইউনিয়নের নবনির্বাচিত ৯৯ জন সাধারণ ওয়ার্ড মেম্বার ও ৩৩ জন সংরক্ষিত মহিলা মেম্বার শপথ গ্রহণ করেন।
 
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমন চৌধুরী তাদের শপথ বাক্য পাঠ করান। এতে উপজেলার মাইজখার ইউনিয়নে নির্বাচন চলাকালীন সহিংসতায় হত্যা মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিও শপথ গ্রহণ করেন।
 
হত্যা মামলার আসামি দিদার আহম্মেদ মাইজখার ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাধারণ সদস্য। তিনি মাইজখার ইউনিয়নের চেয়ারম্যান শাহ্ সেলিম প্রধানের চাচা আব্দুল মান্নান হত্যা মামলার ৩নং এজাহারভুক্ত আসামি। তিনি পানিপাড়া গ্রামের মো. আবুল কাশেমের ছেলে।
 
এদিকে আসামি দিদার উপজেলা পরিষদ মিলনায়তনে শপথ পাঠ করছেন এমন সংবাদ পেয়ে তাকে গ্রেফতার করতে উপজেলা পরিষদে ছুটে যান মামলার তদন্ত কর্মকর্তা চান্দিনা থানার উপ-পরিদর্শক (এসআই) রাহাত সিদ্দিকী।
আর আসামি দিদার পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
 
এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার সুমন চৌধুরী জানান, শপথপাঠকালে কোনো প্রার্থীকে গ্রেফতারের নিয়ম নেই। তবে ওই প্রার্থী প্রবেশকালে আমি খবর পাইনি। বিষয়টি নিয়ে আমি জেলা প্রশাসকের সঙ্গে কথা বললে তিনি জানান, শপথ পাঠ শেষে তাকে গ্রেফতার করতে পারবে পুলিশ।
 
মামলার তদন্তকারী কর্মকর্তা চান্দিনা থানার (এস.আই) রাহাতের সঙ্গে কথা বললে তিনি জানান, আমি খবর পেয়ে উপজেলা পরিষদে গিয়েছিলাম। শপথ গ্রহণের পর আর তাকে খুঁজে পাওয়া যায়নি।
 
উল্লেখ্য, ১৯ এপ্রিল সন্ধ্যায় চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী শাহ মো. সেলিম প্রধানের (আনারস) সমর্থকদের উপর চাপাতি, রামদা নিয়ে হামলা চালায় নৌকা সমর্থিত প্রার্থী মো. জামাল উদ্দিনের সমর্থকেরা। এ সময় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিহত হন আব্দুল মান্নান। এ ঘটনায় ২০ এপ্রিল নিহত আব্দুল মান্নানের ছেলে জুয়েল বাদী হয়ে হত্যা মামলা করেন।