দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ২নং গৌরীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে ভোট পুনর্গণনার জন্য দুটি কেন্দ্রের ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জামাদি আদালতের নির্দেশে বুধবার ইউনিয়ন পরিষদ নির্বাচনী ট্রাইব্যুনালে প্রেরণ করেছেন উপজেলা নির্বাচন অফিস।
নির্বাচনী সরঞ্জামাদি বিচারকের নির্দেশে ট্রাইব্যুনালে প্রেরণ করা হয়েছে উল্লেখ করে গৌরীপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা এ.কে.এম মোছা জানান, নির্বাচনী ট্রাইব্যুনালের আদেশ প্রাপ্তির পরপরই ৩১ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে ২নং গৌরীপুর ইউনিয়নের ২নং কেন্দ্র শালীহর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৩নং কেন্দ্র মধুসুদন সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের ব্যালট পেপারসহ নির্বাচনী মালামাল সিলগালা অবস্থায়ই আদালতে পাঠানো হয়েছে।
জানা গেছে, দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত উপজেলার ২নং গৌরীপুর ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের পরাজিত প্রার্থী মো. হযরত আলী বাদী হয়ে ময়মনসিংহের সহকারী জজ আদালত ও ইউনিয়ন পরিষদ নির্বাচনী ট্রাইব্যুনালে দুটি কেন্দ্রে ভোট পুণর্গণনার আবেদন জানিয়ে মামলা দায়ের করেন। ময়মনসিংহ সদর সিনিয়র সহকারী জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক বেগম সোনিয়া আহাম্মদের আদালতে শুনানি শেষে দুটি কেন্দ্রে ব্যালট পেপার ট্রাইব্যুনালে প্রেরণের নির্দেশ দেন।
এ আদেশের প্রেক্ষিতে বুধবার গৌরীপুর নির্বাচন অফিস ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জামাদি ট্রাইব্যুনালে প্রেরণ করেছেন। ২নং কেন্দ্র শালীহর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে নৌকা প্রতীক ৫১ ভোট, বিজয়ী স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীক ১৫৪১ ভোট ও ৩নং কেন্দ্র মধুসুদন সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে নৌকা প্রতীক ৩৮ ভোট ও বিজয়ী স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীক ১৭৯৫ ভোট পেয়েছে বলে প্রিজাইডিং কর্মকর্তা ঘোষণা দেন।
