যশোরে টেন্ডার বক্স ছিনতাই

আপডেট : ০৮ জুন ২০১৬, ২১:০৯
যশোরে তিন কোটি টাকার কাজের টেন্ডার জমা পড়া বক্স ছিনতাই করে নিয়েছে দুর্বৃত্তরা।
 
বুধবার বেলা ১১টার দিকে গণপূর্ত বিভাগের যশোর অফিসের দ্বিতীয় তলা থেকে দরপত্র জমা পড়া বক্সটি ছিনিয়ে নেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম। একই সাথে তিনি চলমান দরপত্র বাতিল করে পুণরায় দরপত্র আহ্বান করা হবে বলে জানিয়েছেন।
 
সূত্র জানায়, দেশের ১৫টি জেলা শিল্পকলা একাডেমি নবায়ন, সংস্কার মেরামত কাজ শীর্ষক প্রকল্পের আওতায় যশোরে চারটি গ্রুপের কাজের জন্য দরপত্র আহ্বান করা হয়। এর মধ্যে যশোর শিল্পকলা একাডেমির মূল ভবন ও আনুষঙ্গিক অবকাঠামো সিভিল ও স্যানিটারি মেরামত, অভ্যন্তরীণ বৈদ্যুতিক লাইন মেরামতসহ সাউন্ড সিস্টেম সরবরাহ ও স্থাপন, ২০ কেভি জেনারেটর স্থাপন এবং ৩০০ কেভি সাব স্টেশন স্থাপন কাজ। এজন্য ১৯ মে দরপত্র আহ্বান করে ৮ জুন জমা দেয়ার দিন নির্ধারণ করা হয়। কিন্তু এদিন পুলিশের সামনে থেকেই জমা পড়া দরপত্রসহ বক্স ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
 
কর্মকর্তারা জানান, ১৬টি দরপত্র বিক্রি হয়েছিল। গণপূর্ত অফিস ছাড়াও জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের দপ্তরের সামনে দরপত্র জমা দেয়ার জন্য বাক্স রাখা হয়েছিল। কিন্তু গণপূর্ত অফিসের নির্বাহী প্রকৌশলীর অফিসের বাক্সটি ছিনতাই করা হয়। সেখানে যশোর কোতোয়ালি থানার এসআই মাহফুজসহ ৪-৫জন পুলিশ দায়িত্বে ছিলেন। তাদের সামনে থেকেই বাক্সটি দুর্বৃত্তরা নিয়ে গেলেও বাঁধা দেয়া হয়নি। এবিষয়ে এসআই মাহফুজ বলেন, আমরা গেটে দায়িত্ব পালন করছিলাম। ঠিকাদাররা দরপত্র ফেলতে এসে জমা পড়াগুলো নিয়ে গেছে।
 
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অনেকগুলো কাগজপত্র দেখে পুলিশ জিজ্ঞাসা করেছিল। কিন্তু তারা (ছিনতাইকারীরা) বলে- আমাদের কাগজে ত্রুটি আছে; আবার আসছি। ফলে আমরা (পুলিশ) বুঝতে পারিনি।