ঢাকা-আরিচা মহাসড়কে সওজের দেড় সহস্রাধিক স্থাপনা উচ্ছেদ

আপডেট : ১৯ মার্চ ২০১৯, ২৩:৫৩

গত দুই দিনে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে থাকা দেড় সহস্রাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে মানিকগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ। গত সোমবার ও গতকাল সকাল থেকে বিকাল পর্যন্ত সওজ কর্তৃপক্ষ মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে পাটুরিয়া ঘাট পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

মানিকগঞ্জের সড়ক ও জনপথ নির্বাহী প্রকৌশলী এমদাদুল হক জানান, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে পাটুরিয়া ঘাট পর্যন্ত আমাদের ২০৮০টি অবৈধ স্থাপনা রয়েছে। আমরা উচ্ছেদের পূর্বে দখলদারদেরকে নিজ দায়িত্বে সরিয়ে নেওয়ার অনুরোধ করেছিলাম। তারা কর্ণপাত না করায় আমাদের দায়িত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি। গত সোমবার পাটুরিয়া ঘাট, উথুলি, টেপড়া ও বরংগাইলে ৪৫০টি ও মঙ্গলবার মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায়  ১২৫০টি দোকান উচ্ছেদ করা হয়। বাকিগুলো পরবর্তীতে উচ্ছেদ করা হবে।

সওজ সূত্রে জানা যায়, বর্তমানে ঢাকা-আরিচা মহাসড়ক সম্প্রাসারণের স্বার্থে তারা উচ্ছেদ অভিযান পরিচালনা করে। ইতোপূর্বে বায়তুল আমান জামে মসজিদসংলগ্ন সওজের জায়গায় দোতলা ও তিনতলাবিশিষ্ট ভবন নির্মাণ করা হয়েছিল। এরপর সেখানে ৫২টি দোকান ভাড়া দেওয়া হয়।

উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপ-সচিব মাহবুবুর রহমান ফারুকী। এ সময় সওজের নির্বাহী প্রকৌশলী মো. এমদাদ হোসেন, উপ-বিভাগীয় প্রকৌশলী আব্দুর রহিম, সদর উপজেলা এসিল্যান্ড জেতিপ্রুসহ র্যাব ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।