সোনারগাঁওয়ের নোয়াগাঁও ইউনিয়নের চরকামালদি গ্রামে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের চারজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। আহতদের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, নোয়াগাঁও ইউনিয়নের চরকামালদি গ্রামের সিরাজুল ইসলামের সঙ্গে প্রতিবেশী ইসহাক মিয়ার বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। সিরাজুল তার বাড়িতে ঘর নির্মাণ করতে গেলে ইসহাক বাধা দেয়। এক পর্যায়ে ইসহাক মিয়ার নেতৃত্বে শহীদুল্লাহ, আক্তার হোসেন, রাব্বী মিয়া, সাইফুল ইসলাম, সাব্বির হোসেন, সাইদুল ইসলাম, এমদাদ হোসেন, কামাল হোসেন, আল আমিনসহ ১০-১২ জনের একটি দল দেশিয় অস্ত্র নিয়ে সিরাজুলের বাড়িতে হামলা চালায়। হামলায় সিরাজুল, তার ভাই আবুল হোসেন, ভাতিজা ইজজ্জ আলী ও আলমকে পিটিয়ে এবং কুপিয়ে আহত করে। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সিরাজুলের ভাতিজা আলম মিয়া জানান, ইসহাক ও তার লোকজন আমাদের চারজনকে কুপিয়ে আহত করেছে। ইসহাকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, আমাদের জায়গায় ঘর তুলায় আমরা বাঁধা দিতে গেলে আমাদের লোকজনকে পিটিয়ে আহত করে সিরাজের লোকজন।
সোনারগাঁও থানার ওসি মনিরুজ্জামান বলেন, এ ঘটনায় অভিযোগ নেওয়া হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
