গাজীপুরে ভুয়া র্যাব ডিজিএফআই ও ডিবির ৪ সদস্য আটক

আপডেট : ১৯ মার্চ ২০১৯, ২৩:৫৮

গাজীপুরে ডিবি পুলিশ, র্যাব ও ডিজিএফআই পরিচয় দিয়ে সাধারণ মানুষকে আটক করে মুক্তিপণ আদায় ও  হয়রানির অভিযোগে ৪ জনকে আটক করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার ঢাকা ও গাজীপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এরা হচ্ছে- ডিবি পুলিশ পরিচয়দানকারী ইয়াসিন রানা (২৬), র্যাব পরিচয়দানকারী মোঃ দীপু (২১), ডিজিএফআই পরিচয়দানকারী গোলাম মোস্তফা (৫৮) ও র্যাবের গাড়ি চালক পরিচয়দানকারী আলমগীর (২৫)। তাদের বাড়ি ঢাকা, নওগাঁ ও ময়মনসিংহ জেলার বিভিন্ন স্থানে।

মঙ্গলবার দুপুরে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংএ মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মনজুর রহমান এ তথ্য জানান। তিনি আরো জানান, গত ১৬ মার্চ রাত সাড়ে ৯টার দিকে গাজীপুর মেট্রোপলিটনের টঙ্গী পশ্চিম থানা এলাকার আশরাফ সেতুর সামনে থেকে র্যাব, ডিজিএফআই ও ডিবি পরিচয় দিয়ে মাওলানা মুফতি মিজানুর রহমান মিজানী (৫০) নামে একজনকে অপহরণ করা হয়। তাকে ঢাকার লালবাগ থানা এলাকায় আটক করে রাখে অপহরণকারীরা। তারা মুফতি মিজানুর রহমানের কাছে ২০ লাখ টাকা দাবি করে এবং তার ব্যবহূত প্রাইভেটকারটি নিয়ে যায়। গোপন সূত্রে খবর পেয়ে তথ্য প্রযুক্তি ব্যবহার করে প্রথমে র্যাবের গাড়ি চালক পরিচয়দানকারী আলমগীরকে টঙ্গী থেকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তিতে গাজীপুর ও ঢাকার লালবাগ থেকে অপর তিনজনকে আটক এবং অপহূত মাওলানা মুফতি মিজানুর রহমান মিজানীকে উদ্ধার করা হয়। এ ব্যাপারে বুধবার টঙ্গী পশ্চিম থানায় মামলা দায়ের করা হয়েছে।

সন্ত্রাসীদের হামলায় সরকারি কর্মচারী

সমিতির সভাপতি আহত

গাজীপুর জেলা তৃতীয়-চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির সভাপতি হেলাল উদ্দিনকে (৫৬) কুপিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা। গুরুতর আহত অবস্থায় তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার পুকুর থেকে মাছ ধরাকে কেন্দ্র করে তাঁর উপর এ হামলার ঘটনা ঘটে। তাকে রক্ষা করতে গিয়ে ছোট ভাই দেলোয়ার হোসেনসহ আরো তিনজন আহত হয়েছেন।