কুমিল্লায় পূবালী ব্যাংক থেকে নাজনীন বেগম নামে এক গ্রাহকের ৭ লাখ টাকা নিয়ে পালিয়ে গেছে প্রতারকচক্র।
বৃহস্পতিবার দুপুরে চকবাজার বাণিজ্যিক এলাকা এবং চকবাজার পুলিশ ফাঁড়ির ২শ’ গজের মধ্যে অবস্থিত পূবালী ব্যাংকের শাখায় এ ঘটনা ঘটে।
জানা যায়, জেলার দেবিদ্বার উপজেলার এগারগ্রামের আবদুল মতিনের স্ত্রী নাজনীন বেগম (৪৫) বৃহস্পতিবার দুপুরে এফডিআর করার জন্য ৭ লাখ টাকা নিয়ে কুমিল্লা মহানগরীর চকবাজারস্থ পূবালী ব্যাংক শাখায় আসেন। তিনি ওই টাকা জমা দেয়ার জন্য কাউন্টারে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। এ সময় সংঘবদ্ধ প্রতারকদল তাকে ঘিরে দাঁড়ায় এবং ব্যাংকের ফ্লোরে নাজনীন বেগমের পায়ের কাছে কিছু টাকা ফেলে দেয়। পরে টাকা নিচে পড়ে গেছে বলে অভিনব কায়দায় প্রতারক দল নাজনীন বেগমের দৃষ্টি আকর্ষণ করে। এতে নাজনীন বেগম ওই টাকা কুড়িয়ে নেয়ার জন্য ফ্লোরে বসে পড়লে প্রতারকচক্র কাউন্টারের সামনে রাখা ৭ লাখ টাকা ভর্তি ব্যাগ নিয়ে চম্পট দেয়। ওই ব্যাংক থেকে তড়িঘড়ি করে পালানোর সময় ব্যাংকের সিঁড়িতে ৬০ হাজার টাকার বান্ডেল ফেলে যায়।
পূবালী ব্যাংক চকবাজার শাখার ব্যবস্থাপক মো. ইউসুফ ফারুক জানান, আমাদের নিরাপত্তা ব্যবস্থায় কোন দুর্বলতা ছিল না। প্রতারকরা নিচে টাকা ফেলে ওই গ্রাহকের টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) মো. আবদুল্লাহ আল-মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং টাকা উদ্ধার ও প্রতারক চক্রকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
