ডোপ কেলেঙ্কারির কারণে আন্তর্জাতিক অঙ্গনে দুই বছরের জন্য নিষিদ্ধ রাশিয়ার টেনিস তারকা মারিয়া শারাপোভা শাস্তির বিপক্ষে আপিল করবেন বলে জানিয়েছেন। টুইটারে এক বার্তায় শারাপোভা বলেন, এই শাস্তি অন্যায়ভাবে চাপানো হয়েছে। এই শাস্তির বিপক্ষে আমি আপিল করবো।
জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনে ডোপ পরীক্ষায় ব্যর্থ হয়েছিলেন শারাপোভা। তাই মার্চে সাময়িকভাবে নিষিদ্ধ হন তিনি। তাই অনেকেই ভেবেছিলেন শারাপোভার জন্য অনেক বড় শাস্তিই অপেক্ষা করছে। কিন্তু সেই ভাবনায় কিছুটা হলেও ছেদ টানে রাশিয়া টেনিস ফেডারেশন। কারণ সাময়িকভাবে নিষিদ্ধ থাকার পরও, রিও অলিম্পিকের জন্য শারাপোভাকে দলে রাখে রাশিয়ার টেনিস ফেডারেশন। কারণ ফেডারেশনও ভেবেছিলো, শাস্তি কমই হবে শারাপোভার।
কিন্তু ফেডারেশনের ভাবনাকে গুড়ে-বালি করে দিলো আন্তর্জাতিক টেনিস ফেডারেশন। দু’বছরের জন্য আন্তর্জাতিক অঙ্গনে নিষিদ্ধ হলেন শারাপোভা। তবে এই শাস্তির বিপক্ষে আপিল করার ঘোষণা দিয়েছেন তিনি, এই শাস্তি অন্যায়ভাবে চাপানো হয়েছে। এটি আমি মানি না। এই শাস্তির বিপক্ষে আমি আপিল করবো। আন্তর্জাতিক টেনিস ফেডারেশন শক্তপোক্তভাবেই চেষ্টা করেছিল এটা প্রমাণ করতে যে, আমি ইচ্ছা করেই ডোপ বিরোধী নিয়ম ভেঙ্গেছি। আমাকে চার বছর নিষিদ্ধ করতে চেয়েছিল। কিন্তু তা পারেনি। কারণ ট্রাইব্যুনাল মেনে নিয়েছে যা হয়েছে তা অনিচ্ছাকৃত।
দুই বছরের জন্য নিষিদ্ধ হওয়ায় ২০১৮ সালের ২৫ জানুয়ারি আবারো আন্তর্জাতিক অঙ্গনে ফিরবেন শারাপোভা। কারণ তার ডোপ পরীক্ষা হয়েছিলো গত ২৬ জানুয়ারি থেকে। টেনিস ক্যারিয়ারে পাঁচবার গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন শারাপোভা। চারটি গ্র্যান্ড স্ল্যামে টুর্নামেন্টের সবকটির শিরোপা জিতে ক্যারিয়ার স্লাম পূর্ণ করেছেন ২৯ বছর বয়সী শারাপোভা। এএমটি।
