মাদারীপুরের রাজৈর উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত চারজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর। নিহত রাসেল উপজেলার ব্যাপারী পাড়া গ্রামের গোলাম মজিদের ছেলে এবং সোহরাফ মাতুব্বর একই উপজেলার নয়াকান্দি বাজিতপুর গ্রামের বাসিন্দা।
হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে উপজেলাধীন ঢাকা-বরিশাল মহাসড়কের সাধুরব্রিজ নামক স্থানে বরিশালগামী মাছ বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এ সময় ঘটনাস্থলে মাছ ব্যবসায়ী রাসেল (৪০) নিহত হন। গুরুতর আহত অবস্থায় পথচারী সোহরাফ মাতুব্বরকে (৪০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়। গুরুতর আহত ট্রাকের যাত্রী মাছ ব্যাবসায়ী বক্কার (৬৫), সিদ্দিক (৫০), এমদাদুল মুন্সী (২৮) ও কামাল শেখকে ওই স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। আহতদের মধ্যে ফরিদপুরের বোয়ালমারী এলাকার বক্কার (৬৫) ও সিদ্দিকের (৫০) অবস্থা আশংকাজনক।
