বরিশালে ফরমালিনযুক্ত আম ধ্বংস ও জরিমানা আদায়

আপডেট : ১০ জুন ২০১৬, ১৪:৫০
ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৬ ব্যবসা প্রতিষ্ঠান থেকে জরিমানা আদায় এবং আমে ফরমালিন পাওয়ায় তা ধ্বংস করে দিয়েছে। বৃহষ্পতিবার সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে বিশেষ এ অভিযান চালিয়ে মোট ৪২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
 
জানা গেছে, ভোক্তা অধিকার আইন ২০০৯-এর ধারা মোতাবেক খাদ্য পরিবেশনে উপযুক্ত পরিবেশ না থাকায় নগরীর বগুড়া রোড ‘আল-বারাকা’ রেস্তোরাকে ৫ হাজার টাকা, কাকলীর মোড় ‘আব্দুল্লাহ’ রেস্তোরাকে ৫ হাজার টাকা, ‘রোজ গার্ডেন’ রেস্তোরাকে ২০ হাজার টাকা ও নগরীর এনায়েতুর রহমান সড়ক (ফলপট্টি) ‘আপ্যায়ন’ হোটেল থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। পরে নগরীর ফলপট্টি এলাকার ২টি ফলের দোকানের আমে ফরমালিন পাওয়ায় ৭ হাজার টাকা জরিমানা এবং ৩০ কেজি আম ধ্বংস করা হয়। 
 
এসময় অভিযানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত নির্বাহী ম্যাজিস্ট্রেট সুখময় সরকার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. গোলাম রউফ, নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী লুৎফুল হাসান ও রুমানা আক্তারসহ নগর পুলিশের সদস্যরা।