ডাকসুর ফলাফল গণভবনে তৈরি

আপডেট : ২০ মার্চ ২০১৯, ০০:৩৯

ডাকসুর ফলাফল গণভবনে তৈরি করে সিনেট থেকে ঘোষণা করা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টু। তিনি বলেছেন, কোনো হলে ডাকসুর ভিপি-জিএস কত ভোট পেল, বিশ্ববিদ্যালয় প্রশাসন তা আজ পর্যন্ত প্রকাশ করতে পারেনি। কারণ এই ফলাফল গণভবনে তৈরি করা হয়েছে আর ভিসি ঘোষণা করেছেন সিনেট ভবনে। গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত বিক্ষোভ সমাবেশে ছাত্রদলের সাধারণ সম্পাদক একথা বলেন।

সমাবেশের আগে গতকাল ১২টায় বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে বিক্ষোভ মিছিল বের করে বিশ্ববিদ্যালয়ের কলাভবন প্রদক্ষিণ শেষে অপরাজেয় বাংলায় গিয়ে সমাবেশে মিলিত হয়। ডাকসু ও হল সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগ করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ করে বিএনপির এই ছাত্র সংগঠনটি। ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আল মেহেদী তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল বাসার সিদ্দিকীর সঞ্চালনায় সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন। একই দাবিতে আজ বুধবার দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন করবে ছাত্রদল।