পানামার বিপক্ষেই ফিরছেন মেসি

আপডেট : ১০ জুন ২০১৬, ১৬:৫৬
কোপা আমেরিকায় পানামার বিপক্ষে ম্যাচ দিয়ে লিওনেল মেসি মাঠে ফিরবেন বলে নিশ্চিত করেছেন আর্জেন্টিনা কোচ জেরার্ডো মার্টিনো। গত মাসে হন্ডুরাসের বিপক্ষে পাওয়া পিঠের চোট থেকে সেরে উঠতে না পারায় কোপা আমেরিকার শতবর্ষী আসরে আর্জেন্টিনার প্রথম ম্যাচে খেলতে পারেননি মেসি।
 
অধিনায়কের অনুপস্থিতিতে বর্তমান চ্যাম্পিয়ন চিলিকে ২-১ গোলে হারায় শিরোপা প্রত্যাশী আর্জেন্টিনা।
 
চিলিকে হারানোর পরই মার্তিনো জানিয়েছিলেন, শিকাগোতে পানামার বিপক্ষে মেসিকে দলে পাবেন তিনি; ম্যাচটি হবে বাংলাদেশ সময় শনিবার সকালে। শিকাগোতে গত বুধবার দলের সতীর্থদের সঙ্গে অনুশীলন করেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার।
 
ম্যাচের আগের দিন মার্টিনো বলেন,  ‘মেসি দলের সঙ্গে অনুশীলন করেছে এবং আগামীকাল খেলবে। তাকে দলে না নেওয়ার কোনো কারণ দেখি না আমি।’