ক্রিমিয়ায় পরমাণু অস্ত্রবাহী বোমারু বিমান মোতায়েন করছে রাশিয়া

আপডেট : ২০ মার্চ ২০১৯, ০০:৪২

ক্রিমিয়ায় পরমাণু অস্ত্রবাহী বোমারু বিমান মোতায়েন করছে রাশিয়া। রুমানিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের জবাবে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি। রুশ পার্লামেন্টের উচ্চকক্ষের প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ভিক্টর বোন্দারেভ এমন সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন। খবর রয়টার্সের

মস্কোয় এক অনুষ্ঠানে সোমবার বোন্দারেভ বলেন, ক্রিমিয়ার ভারদিস্কোই বিমান ঘাঁটিতে দূরপাল্লার তোপোলেভ টিইউ-২২এম৩ বোমারু বিমান মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, রুমানিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন রাশিয়ার জন্য একটি মারাত্মক চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জের মোকাবিলার জন্যই ক্রিমিয়ায় পরমাণু অস্ত্রবাহী বোমারু বিমান মোতায়েনের পদক্ষেপ নিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

বোন্দারেভ মন্তব্য করেন, রাশিয়ার এই পদক্ষেপে এ অঞ্চলে শক্তির ভারসাম্যে আমূল পরিবর্তন আসবে। রুশ আইনপ্রণেতা সতর্ক করে দিয়ে বলেন, ক্রিমিয়ায় মোতায়েন হতে যাওয়া কৌশলগত এসব বোমারু বিমান ইউরোপের যে কোনো স্থানে থাকা আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিতে সক্ষম। ২০১৪ সালে ইউক্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে ক্রিমিয়া রাশিয়ার সঙ্গে যুক্ত হয়। তখন থেকেই দুই দেশের মাঝে উত্তেজনা বিরাজ করছিল। এর মধ্যেই ২০১৮ সালের ডিসেম্বরে ক্রিমিয়ায় রুশ যুদ্ধবিমান মোতায়েন করে রাশিয়া। সর্বশেষ পদক্ষেপ হিসেবে অঞ্চলটিতে পরমাণু অস্ত্রবাহী বোমারু বিমান মোতায়েনের সিদ্ধান্ত নিল দেশটি।