এক সময় বিএনপিকে বাটি চালান দিয়েও খুঁজে পাওয়া যাবে না

আপডেট : ২০ মার্চ ২০১৯, ০০:৪৩

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ এমপি বলেছেন, বর্তমানে দুর্নীতির দায়ে বিএনপি নেত্রী খালেদা জিয়া জেলে, একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশে পলাতক। এই অবস্থায় দিশেহারা বিএনপি নেতাকর্মীরা দলে দলে পদত্যাগ করছে। এমন একদিন আসবে যেদিন বিএনপিকে বাটি চালান দিয়েও খুঁজে পাওয়া যাবে না।

গতকাল মঙ্গলবার রাজধানীর বেইলি রোডের মহিলা সমিতির ‘আইভী রহমান অডিটরিয়ামে’ প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তোফায়েল আহমেদ বলেন, রাজনীতিতে সত্য-মিথ্যার যুদ্ধ চলতে থাকে। মিথ্যা সাময়িকভাবে জয়লাভ করলেও পরে তার পতন ঘটে। মিথ্যার ওপর জন্ম হয়েছিল বিএনপির। এখন তাদের পতন ঘটবে। প্রয়াত জিল্লুর রহমানের স্মৃতিচারণ করে তিনি বলেন, জিল্লুর রহমান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো মহান নেতার সান্নিধ্য লাভ করেছিলেন। তিনি বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে স্নেহ করতেন। তিনি শত্রু-মিত্র সবাইকে আপন করে নিতে পারতেন, সজ্জন ব্যক্তি ছিলেন। মানুষকে ভালোবাসার দৃষ্টান্ত দেখিয়ে গেছেন।

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি বলেন, ওয়ান ইলেভেন পরবর্তী সময়ে নেত্রীর (শেখ হাসিনা) গ্রেফতারের পর দলের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে সংগঠনকে ঐক্যবদ্ধ রেখেছিলেন জিল্লুর রহমান।

‘সরকারের চাপে পড়ে বিএনপি থেকে নেতাকর্মীরা দল ছাড়তে বাধ্য হচ্ছে’ মর্মে বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ সভায় বলেন, দলে ভেড়ানোর নীতিতে আওয়ামী লীগ বিশ্বাস করে না। বিএনপির দৈন্যদশার কারণেই নিজ উদ্যোগে নেতাকর্মীরা দলে দলে বের হয়ে আসছেন।

আওয়ামী লীগ নেতা এমএ করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন, উপদেষ্টা পরিষদের সদস্য কাজী আকরাম উদ্দিন, পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম প্রমুখ।