রায়পুরে ইউপি সদস্যের বিরুদ্ধে মোটরসাইকেল ছিনিয়ে নেয়ার অভিযোগ

আপডেট : ১১ জুন ২০১৬, ১২:২৯
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় কামরুল ইসলাম নামে এক যুবকের কাছ থেকে প্রকাশ্যেই একটি মোটরসাইকেল ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে আরিফুর রহমান নামে এক ইউপি সদস্যের বিরুদ্ধে।
 
এ ঘটনায় শুক্রবার রাতে মোটরসাইকেল মালিক কামরুল ইসলাম বাদী হয়ে ওই ইউপি সদস্যের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। আরিফ উপজেলার কেরোয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য।
 
জানা গেছে, একই এলাকার কামরুল ইসলাম ইউপি নির্বাচনে আরিফের প্রতিদ্বন্দ্বী প্রার্থী কাজী আলমগীরের পক্ষে নির্বাচন করে। ভোটে আরিফ বিজয় হয়। শুক্রবার সকালে কামরুল বাড়ি থেকে তার ব্যবহৃত ভারতীয় পেলাটিনা নামে একটি মোটরসাইকেলে করে রায়পুর বাজারে আসছিলেন। কেরোয়া ইউনিয়নের জোড়পোল এলাকায় পৌঁছালে কামরুলের মোটরসাইকেলের গতিরোধ করে কামরুল। এ সময় প্রকাশ্যেই কামরুল মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে যায়। যার মূল্য প্রায় ১ লাখ ৩৫ হাজার টাকা। সারাদিনেও মোটরসাইকেলটি না দেয়ায় বাধ্য হয়ে সন্ধ্যায় স্থানীয় থানায় লিখিত অভিযোগ করে কামরুল।
 
অভিযুক্ত ইউপি সদস্য আরিফুর রহমান বলেন, ‘কামরুল ইসলাম আমার দেনাদার। টাকা দিয়ে মোটরসাইকেলটি ফেরত নেয়ার কথা বলা হয়েছে। নির্বাচনের দ্বন্দ্ব ও ছিনিয়ে নেয়ার বিষয়টি সঠিক নয়।
 
রায়পুর থাকার উপ-পরির্দশক (এসআই) ফারুক আহম্মেদ জানান, , মোটরসাইকেলটি উদ্ধারে চেষ্টা চলছে। উদ্ধারের পর তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।