যৌতুক না পেয়ে স্ত্রীর মেরুদণ্ড ভেঙ্গে দিল স্বামী

আপডেট : ১১ জুন ২০১৬, ১২:৪৯
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় যৌতুকের দাবি পূরণ না করায় নির্যাতন চালিয়ে স্ত্রীর মেরুদণ্ডের হাড় ভেঙ্গে দিয়েছে এক স্বামী ।
 
শনিবার উপজেলার নৌবাড়িয়া নতুনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত সম্পা খাতুন (২২) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তার দেখভালের জন্য স্বামীর পক্ষ থেকে কেউ হাসপাতালে আসেনি।
 
আবাসিক চিকিৎসক বলেন, ‘সম্পার শরীরের প্রতিটি আঘাত গুরুতর।’
 
সম্পা খাতুন জানান, চার বছর আগে নৌবাড়িয়া নতুনপাড়া গ্রামের ইয়াছিন আলীর ছেলে হাসিনুর রহমানের সঙ্গে তার বিয়ে হয়। যৌতুক দেবার কথা থাকলেও দরিদ্র বাবা এখন পর্যন্ত তা পরিশোধ করতে পারেনি। যে কারণে হাসিনুর রহমান দ্বিতীয় বিয়ে করেছেন। এরই মধ্যে সম্পা দুই সন্তানের জননী হয়েছেন। কিন্তু তার ভাগ্যে স্বামীর নির্যাতন আর অবহেলা ছাড়া একটু ভালোবাসা জোটেনি।
 
সম্পার বাবা চৌবাড়িয়া মধ্যপাড়া মহল্লার  আব্দুল গফুর বলেন, ‘বিয়ের পর থেকে সম্পা স্বামীর বর্বর নির্যাতনের শিকার হয়েছেন। কিন্তু তারা দরিদ্র হওয়ায় কারো কাছেই ন্যায় বিচার পাননি। একারণে  তারা মামলা করতেও সাহস পাচ্ছেন না।’