বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় এক সেনা কর্মকর্তার স্ত্রী ও ছেলেসহ আট জন নিহত হয়েছেন। গত সোমবার ও গতকাল মঙ্গলবার এসব দুর্ঘটনা ঘটে। ব্যুরো, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর-
সিলেট: সিলেটের জাফলংয়ে বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন এক সেনা কর্মকর্তার স্ত্রী ও ছেলে। এতে আরও দুজন আহত হন। গতকাল দুপুরে বিছানাকান্দি থেকে জাফলং যাওয়ার পথে সালুটিকর-গোয়াইনঘাট সড়কের সতি গ্রামের মোড়ে বেপরোয়া ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সেনাবাহিনীর সার্জেন্ট সোজা আহমদের স্ত্রী ইলোরা পারভীন (৩৮) ও তার ছেলে সাজিদ মিয়া (৬)।
রংপুর: পীরগঞ্জ উপজেলায় কাভার্ডভ্যানের ধাক্কায় যাত্রীবাহী বাসের হেলপারসহ তিনজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। গত সোমবার গভীর রাতে উপজেলার ধাপেরহাট ফাইভস্টার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পীরগঞ্জের প্রথম ডাঙ্গাগ্রামের শামসুন নাহার (২৭), একই উপজেলার ধোল্লাকান্দি গ্রামের ঝর্ণা বেগম ও হেলপার (৩০) অজ্ঞাত।
চাটমোহর (পাবনা): চাটমোহর-পাবনা সড়কের চাটমোহর উপজেলার মুলগ্রাম ইউনিয়নের ভবানীরপুর নামক স্থানে সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে গরুবাহিত নসিমনের সংঘর্ষে একজন নিহত ও দুই জন আহত হয়েছেন। গতকাল দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন চাটমোহর উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের নড়াইখালি গ্রামের আমিরুল ইসলাম (৩৫)।
আড়াইহাজার (নারায়ণগঞ্জ): আড়াইহাজারে সিএনজির ধাক্কায় অজ্ঞাত এক নারী নিহত ও দুইজন আহত হয়েছেন। গতকাল দুপুরে উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের ফকির বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নারীর আনুমানিক বয়স ২৫ থেকে ৩০।
মানিকগঞ্জ: শিবালয় উপজেলার ফলসাটিয়া নামক এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে আনুমানিক ৪৫ বছর বয়সী অজ্ঞাত এক ব্যক্তি গাড়ি চাপায় নিহত হয়। গতকাল সকালে এ দুর্ঘটনা ঘটে।
