সারাদেশে জঙ্গি বিরোধী বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪ জেলায় ২৪৬ জনকে পুলিশ ও র্যাব গ্রেপ্তার করেছে। দিনাজপুরে ২ জঙ্গিসহ ১৬৫ জন, নীলফামারীতে ৩১ জন, হবিগঞ্জে ২৯ জন ও মাগুরায় ২১ জনকে গ্রেফতার করা হয়েছে।
নীলফামারীতে জঙ্গি ও সন্ত্রাস দমনে পুলিশের বিশেষ সাঁড়াশি অভিযানে ৩১ জন গ্রেফতার হয়েছে। এর মধ্যে ১৩ জন জামায়াত শিবিরের কর্মী রয়েছে বলে জানা গেছে। শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত অভিযানে নাশকতা, খুন, ডাকাতি ছিনতাই, চুরি সহ বিভিন্ন মামলার এসব আসামীকে গ্রেফতার করে পুলিশ। নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসাইন জানান বিশেষ এই সাঁড়াশী অভিযান অব্যাহত থাকবে।
হবিগঞ্জ দেশব্যাপী পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে হবিগঞ্জেও গ্রেফতার অভিযান চলছে। এই অভিযানের অংশ হিসেবে জেলা জামায়াত এর সাবেক আমীর অ্যাডভোকেট আব্দুস সহিদসহ বিভিন্ন মামলার ২৯ আসামীকে গ্রেফতার করা হয়েছে।
হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার মাসুদুর রহমান মনির জানান, গত ৭ জুন থেকে একটি বিশেষ অভিযান শুরু হয়েছে, এটি চলবে ১৩ জুন পর্যন্ত। ১০ জুন থেকে জঙ্গিবাদ ও নাশকতা বিরোধী আরেকটি অভিযান শুরু হয়েছে।
মাগুরায় বিশেষ অভিযানে শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত বিএনপি-জামায়াতের ৬ কর্মীসহ ২১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় পুলিশ সুপার এহসান উল্লাহ জানান, 'পুলিশ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ২১ জনকে গ্রেপ্তার করেছে। যাদের মধ্যে ৫ জন জামায়াত ও ১ জন বিএনপি কর্মী। গ্রেপ্তারকৃতরা প্রত্যেকেই বিভিন্ন মামলার আসামী।'
দিনাজপুরে পুলিশের সাঁড়াশি অভিযানে গত ২ দিনে ২ জঙ্গীসহ ১৬৫ জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। দিনাজপুর পুলিশ কন্ট্রোল রুম সূত্র জানায়, গতকাল শুক্রবার রাত ১০টা থেকে শনিবার দুপুর ১২টা পর্যন্ত জেলার ১৩টি উপজেলায় ২ জঙ্গীসহ ৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে আটক ২ জঙ্গী দিনাজপুর জেলা আহলে হাদিস আন্দোলন সংগঠনের সাংগঠনিক সম্পাদক ও খানসামা উপজেলার সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দীন (৪৮) ও জেলা আহলে হাদিস আন্দোলন সংগঠনের নির্বাহী সদস্য চিরিরবন্দর উপজেলার আলোকডিহি গ্রামের বেশরত আলীর পুত্র জাহিদ আল এহিয়া (৪২)কে আজ শনিবার দুপুর ২টায় দিনাজপুর জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সোপর্দ করে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিন করে রিমান্ড আবেদন করা হয়েছে।
বিচারক আগামী ১২ জুন রোববার রিমান্ড শুনানির জন্য দিন ধার্য করে তাদের জেল হাজতে প্রেরণ করেন। অপর গ্রেফতারকৃত ৬৫ জনের মধ্যে ২৭ জনের বিরুদ্ধে সরকার বিরোধী নাশকতামূলক মামলার আসামী হিসেবে আদালতের গ্রেফতারী পরোয়ানা বলে তাদের গ্রেফতার করা হয়েছে। ৩৬ জনের বিরুদ্ধে বিভিন্ন মামলার অভিযোগে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়।
দিনাজপুরের পুলিশ সুপার মোঃ রুহুল আমিন জানান, জেলায় চিহ্নিত জঙ্গি সদস্য ৩০ জনকে খোজা হচ্ছে। তাদের বাড়ীতে এবং সম্ভাব্যস্থানে তল্লাশি চালিয়ে পাওয়া যায়নি। তবে তাদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে। খবর- বাসস।
