যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার এমপি বলেছেন, 'নাটোরের সুনীল গোমেজ হত্যাকাণ্ডের বিচার করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। এজন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।'
শুক্রবার রাতে নাটোরের বনপাড়া খ্রিস্টান পল্লীতে হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন ও নিহত খ্রিস্টান ব্যবসায়ী সুনীল গোমেজের পরিবারের সদস্যদের শোক ও সমবেদনা প্রদানকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
এ সময় বীরেন শিকদার বলেন, 'সারাদেশে সংখ্যালঘু ব্যক্তিদের হত্যার বিষয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। এ কাজে সরকার জনগণের সঙ্গে আগেও ছিল বর্তমানেও আছে, সবসময়ই থাকবে।' তিনি বলেন, 'প্রধানমন্ত্রী শেখহাসিনা নিজেই সুনীল গোমেজ হত্যার বিষয়ে নিয়মিত খোঁজ খবর নিচ্ছেন। প্রধানমন্ত্রীর সমবেদনা বার্তা পৌঁছে দিতে আমি সুনীল গোমেজ-এর পরিবারের কাছে এসেছি।'
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সুনীল গোমেজের বাড়িতে নিহতের স্ত্রী, সন্তানসহ পরিবারের সদস্যদের প্রতি শোক ও সমবেদনা জানান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোরের পুলিশ সুপার শ্যামল কুমার মুখার্জী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি জয়ন্ত সেন দিপু, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য মিলন কান্তি দত্ত, বাংলাদেশ খ্রিষ্টান এ্যাসোসিয়েশনের মহাসচিব নির্মল রোজারিও, বড়াইগ্রাম উপজেলা নির্বাহী মোঃ রুহুল আমিন প্রমুখ।
