বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য মহিউদ্দিন হাওলাদারকে (৫২) কুপিয়ে হত্যা করা হয়েছে।
শনিবার বিকেল ৩টায় প্রতিপক্ষের লোকজন মহিউদ্দিনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয় আহত করে।পরে বরিশাল শেবাচিম হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ৭টায় মৃত ঘোষণা করেন।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন এ ঘটনা ঘটিয়েছে বলে নিহতের পরিবারের অভিযোগ। মহিউদ্দিন হাওলাদার ওই ইউনিয়নের সোনাপুরা গ্রামের আ. রশীদ হাওলাদারের ছেলে।
জানা গেছে, বর্তমান চেয়ারম্যান হাজী শফিকউদ্দিন সিকদারের সঙ্গে কথা বলে বাড়ি ফিরছিলেন মহিউদ্দিন হাওলাদার। পথিমধ্যে কাকরদা হাইস্কুল মাঠে পৌঁছালে আগে থেকে ওঁৎপেতে থাকা প্রতিপক্ষের লোকজন অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়।
শেবাচিম হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মামুন অর রশীদ জানান, অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে আনার আগেই মহিউদ্দিন হাওলাদারের মৃত্যু হয়।
বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমান জানান, ঘটনার পর হত্যাকারীদের আটক করার জন্য অভিযানে নেমেছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
