পৌর নির্বাচন পরবর্তী সংঘাত, গুলিতে নিহত ১

আপডেট : ১২ জুন ২০১৬, ১২:৪৮
মুন্সীগঞ্জ শহরের পাঁচঘরিয়াকান্দিতে শনিবার রাতে দুই গ্রুপের সংঘর্ষে এক জন নিহত হয়েছে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছে আরও দুইজন। নিহত মো. জনির (১৭) পেটে গুলি বিদ্ধ হয়। সে ফার্নিচারের কর্মচারী। গুলিবিদ্ধ মানিক সরকার (৩০) ও কালু ব্যাপারীকে (৩১) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
পুলিশ মো. অপু নামে একজনকে (৪০) তিনটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগজিন এবং ২২ রাউন্ড তাজাগুলিসহ গ্রেফতার করেছে। এই নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে। 
 
পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার ঘটনাস্থল থেকে জানান, ঘটনার পরপরই পুলিশ অভিযান শুরু করেছে। তাৎক্ষণিক অস্ত্রশস্ত্রসহ এই যুবককে গ্রেফতার করা হয়। বৃষ্টি উপেক্ষা করেই অন্য অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
 
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মুন্সীগঞ্জ পৌর সভার ৯ নম্বর ওয়ার্ডে বিগত পৌর নির্বাচনে পরাজিত কাউন্সিলর প্রার্থী ওয়াহিদুজ্জামান বাবুল গ্রুপের সঙ্গে বিজয়ী কাউন্সিলর জাকির হোসেন গ্রুপের দ্বন্দ্ব চলছিল। এর জের ধরে সংঘর্ষটি হয়। তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়। বাবুল গ্রুপের লোকজন আকস্মিক গুলি বর্ষণ করে। এতে তিনজন গুলিবিদ্ধ হয়। তাদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করে।IMG0
 
হাসপাতালটির জরুরি বিভাগের চিকিৎসক ডা. শৈবাল কুমার বসাক জানান, নিহত জনির কিডনি বরাবর পেটে গুলিবিদ্ধ হয়। পায়ে গুলিবিদ্ধ বাকী দুজনকে ঢাকায় রেফার্ড করা হয়েছে।
 
এই রিপোর্ট লেখার সময় লাশ হাসপাতালের বারান্দায় রাখা ছিল। এখানেই স্বজনদের আহাজরিতে পরিবেশ ভারি হয়ে উঠে।