‘মাছে ভাতে বাঙালি’—কথাটি যেন মিথ্যা হতে চলেছে। দিনাজপুরের গ্রামাঞ্চলে দেশীয় প্রজাতির মাছ আজ বিলুপ্তির পথে। মাছ শূন্য হয়ে পড়েছে এ অঞ্চলের খাল বিল, নদ-নদীসহ মুক্ত জলাশয়গুলো। খাল বিলের পানি শুকিয়ে যাওয়ার ফলে মাছ কমে যাচ্ছে বলে মনে করেন অনেকে। এরই মধ্যে এ অঞ্চল থেকে হারিয়ে যেতে বসেছে পাবদা, সরপুঁটি, তিতপুঁটি, টেংরা, চান্দা, কৈ, শিং, মাগুর, বেলে, শৈল, গজার, বোয়াল, বাইম, চিতলসহ দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ। গ্রামাঞ্চলের ছোট-বড় হাট-বাজারগুলোতেও এ প্রজাতির মাছ আগের মতো এখন আর চোখে পড়ে না। দিনাজপুরের ফুলবাড়ির হাট-বাজারগুলোতেও দেশীয় মাছের দেখা মেলে না।
এ অবস্থার উন্নয়ন না ঘটলে আগামী ৫ বছরের মধ্যে নদ-নদী, খাল-বিলসহ মুক্ত জলাশয়গুলো মাছ শূন্য হয়ে পড়বে অনেকের আশঙ্কা। এক দশক আগেও গ্রামগুলোতে দেশীয় প্রজাতির প্রাকৃতিক মাছের কোন ঘাটতি ছিল না। গ্রামের মানুষ পাতাজাল, ধর্মজাল, বেড়াজাল ইত্যাদি দিয়ে মাছ শিকার করতো। এ ব্যাপারে উপজেলা মত্স্য দপ্তর সূত্রে জানা যায়, উপজেলার জলাশয় ভরাট ও জনসংখ্যা বেড়ে যাওয়ায় মত্স্য আহরণের উপর চাপ বেড়ে গেছে। তাছাড়া, সেচ দিয়ে মাছ মেরে ফেলা হচ্ছে। জমিতে কীটনাশক ব্যবহারের প্রভাবেও দেশীয় প্রজাতির মাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে।
