ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকা এলাকায় ট্রাকের চাপায় জাকির হোসেন (৪৬) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। রবিবার সকালে দায়িত্ব পালনকালে এই দুর্ঘটনার শিকার হন তিনি।
পটুয়াখালী বাউফল উপজেলার রামনগর গ্রামের মৃত বারেক ভূইয়ার ছেলে জাকির হোসেন ঘিওর থানায় কর্মরত ছিলেন।
এ ঘটনায় ট্রাকসহ সহকারী (হেলপার) মেহেরপুর সদর উপজেলার ইসলামনগর গ্রামের হোসেন মিয়ার ছেলে মো. লাল মিয়াকে (৩৫) আটক করা হয়েছে। তবে, পালিয়ে গেছে চালক।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকাল সাড়ে ছয়টার দিকে বালিয়াখোড়া ইউনিয়নের জোকা এলাকায় মহাসড়কের রাস্তার পাশে টহল পুলিশের পিকআপ পার্কিং করেন। পরে গাড়ি থেকে নেমে তিনি প্রকৃতির ডাকে সাড়া দিতে সড়ক বিভাজনের উপর দিয়ে রাস্তা পার হচ্ছিলেন। ওই সময় পাটুরিয়াগামী একটি মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো ট ১৮-৫৮৩৩) তাকে চাপা দিয়ে টেনে-হিঁচড়ে কিছুদুর নিয়ে সড়কের ওপর ফেলে দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। এর পরপরই ওই টহল পুলিশ ধাওয়া করে ট্রাকসহ সহকারীকে আটক করে।
ঘিওর, শিবালয় সার্কেল এএসপি হারুণ অর রশিদ জানান, ময়নাতদন্তের জন্য লাশ মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আর চালককে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।
