স্বরূপকাঠিতে ঝড়ে ঘর চাপা পড়ে সাব্বির হোসেন মোল্লা নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। এছাড়াও প্রায় অর্ধশত ঘরবাড়িসহ অসংখ্য গাছপালা বিধ্বস্ত হয়েছে।
শনিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার পাটিকেলবাড়ি গ্রামের দিন মজুর মো. মশিউর রহমানের বসত ঘরে গাছ উপড়ে পড়ে। এ সময় ঘরের নিচে চাপা পড়ে তার ছেলে সাব্বির হোসেনের মৃত্যু হয়। স্ত্রী নাসিমা বেগম ও মেয়ে নাদিরা খানম আহত হয়। নিহত সাব্বির পূর্ব পাটিকেল বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।
ইউপি চেয়ারম্যান সুব্রত কুমার ঠাকুর জানান, আকস্মিক এ ঝড়ে গ্রামের প্রায় অর্ধশত কাঁচা ঘরবাড়িসহ অসংখ্য গাছপালা বিধ্বস্ত হয়েছে।
এদিকে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঝড়ে অসংখ্য গাছপালা উপড়ে ব্যাপক ক্ষয়-ক্ষতির খবর পাওয়া গেছে। গাছ পালা উপড়ে পড়ায় তার ছিড়ে বিভিন্ন স্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।
