পুলিশের চলমান সাঁড়াশি অভিযানে মেহেরপুর জেলায় এক জেএমবি সদস্যসহ ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘণ্টাসহ আজ রবিবার ভোর পযর্ন্ত জেলার তিনটি থানা এলাকা থেকে পৃথক অভিযানে এদেরকে গ্রেফতার করা হয়।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গাংনী উপজেলার রংমহল গ্রামের জেএমবি সদস্য আবু তালেবকে গতরাতে মেহেরপুর শহরের ভাড়া বাসা থেকে গ্রেফতার করে পুলিশ। এছাড়াও জামায়াতের ১জন, তালিকাভুক্ত সন্ত্রাসী ৩ জন ও নিয়মিত মামলার আসামিসহ ২০ জনকে গ্রেফতার করা হয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, চলমান অভিযানে জেএমবি’র তালিকাভুক্ত সন্ত্রাসী, গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি, সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের গ্রেফতার করা হচ্ছে। গ্রেফতারকৃত ২০ জনকে স্বস্ব থানা থেকে আজ দুপুরের মধ্যে আদালতে সোপর্দ করা হবে।
