গাজীপুরে বিশেষ অভিযানে গ্রেফতার ৮৬

আপডেট : ১২ জুন ২০১৬, ১৪:৪০
 
গাজীপুরে বিশেষ অভিযান চালিয়ে ছয়টি থানা এলাকা থেকে ৮৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় একটি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। রবিবার সকালে গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেসব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।
 
পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ বিপিএম, পিপিএম (বার) জানান, জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযানে ৮৬ জনকে বিভিন্ন অভিযোগে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে রাতে চান্দনা চৌরাস্তা এলাকা থেকে পাবনার ফইলজানা গ্রামের ফরিদ হোসেন ও একই এলাকার জাহাঙ্গীর আলমকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, চাকু ও হাতুরিসহ গ্রেফতার করা হয়েছে। তারা এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার জন্য পরিকল্পনা করছিল বলে তিনি জানান।
 
অভিযানকালে জয়দেবপুর থানা এলাকা থেকে ৩১, টঙ্গী থানায় ১৪, কালিয়াকৈর থানায় ১১, শ্রীপুর থানায় ০৯, কাপাসিয়া থানায় ১৩ ও কালীগঞ্জ থানা এলাকা থেকে ০৮ জনকে গ্রেফতার করা হয়।
 
এছাড়া গত তিনদিনে জেলা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে এক জেএমবি সদস্যসহ ২৪১ জন আসামিকে গ্রেফতার করেছে। অভিযানকালে ৪৫টি অবৈধ মোটর সাইকেল, একটি বিদেশি পিস্তল, রিভলবার, ম্যাগজিনসহ দুই রাউন্ড পিস্তলের গুলি, তিনটি পাইপগান, দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।