জয়পুরহাট জেলা পুলিশ ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৮ জেএমবি সদস্যসহ ৪৪জনকে গ্রেফতার করেছে। শনিবার সকাল থেকে রবিবার সকাল পর্যন্ত বিশেষ অভিযান চালায় পুলিশ। ওই অভিযানে জয়পুরহাট সদর থানা ৬ ও ক্ষেতলাল থানা পুলিশ দুইজন জেএমবি সদস্যকে আটক করে।
আটককৃতরা জয়পুরহাটের বে-সরকারি উন্নয়ন সংস্থা ’জাকস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নুরল আমীনকে গুলি করা ও সদর উপজেলার আমদই ইউনাইটেড ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও জেলা বাসদের সমন্বয়ক ওয়াজেদ পারভেজের ওপর হামলা মামলার পলাতক জেএমবি সদস্য বলে পুলিশ জানায়।
অপর এক অভিযানে পাঁচবিবি থানা পুলিশ ফাঁসির দন্ডপ্রাপ্ত পলাতক আসামি হামিদুল ইসলামকে গ্রেফতার করেছে। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মঠপাড়া গ্রামের আব্দুর করিম লুটুমিয়ার ছেলে হামিদুল ইসলাম (৩০)।
তৃতীয় দিনের বিশেষ অভিযানের অংশ হিসাবে জয়পুরহাট জেলা পুলিশ ৮ জেএমবি সদস্যসহ ৪৪ জন আসামিকে গ্রেফতারি পরোয়ানা মূলে আটক করা হয়েছে বলে জানান পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম। গ্রেফতার কৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
