মুরাদনগরে দুর্ধর্ষ ডাকাতি, ৩০ লক্ষাধিক টাকার মালামাল লুট

আপডেট : ১২ জুন ২০১৬, ১৬:০০
কুমিল্লার মুরাদনগর উপজেলার জাহাপুর ইউনিয়নের সাতমোড়া ও শুশুন্ডা গ্রামের দুই বাড়িতে শনিবার মধ্যরাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় সশস্ত্র ডাকাত দল নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোটরসাইকেলসহ প্রায় ৩০ লক্ষাধিক টাকার মালামাল লুট করেছে বলে জানা গেছে।
 
স্থানীয় সূত্র জানায়, উপজেলার সাতমোড়া গ্রামের মৃত আবু মূছা সরকারের বাড়ীতে শনিবার দিবাগত রাত ১টায় দিকে সশস্ত্র ডাকাত দল আক্রমণ করে ৩টি গেইট ভেঙ্গে বাড়ীর ভেতরে ডুকে আলমারির তালা ভেঙ্গে নগদ ২ লক্ষ টাকা, ৩০ ভরি স্বর্ণালংকার ও ১টি মোটরসাইকেল লুট করে নিয়ে যায়। এসময় বাধা প্রধান করায় মহিলাদের মারধর করে ডাকাত দলের সদস্যরা। 
 
এরপর ডাকাত দল হানা দেয় শুশুন্ডা গ্রামের এক প্রবাসীর বাড়িতে। সেখানে হানা দিয়ে ডাকাত দল নগদ টাকা, স্বর্ণালংকার ও প্রসাধনী সামগ্রীসহ ১০ লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়। এদিকে এলাকায় ডাকাতির প্রবণতা অত্যধিক বেড়ে যাওয়ার স্থানীয়দের মধ্যে থানা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।
 
এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ডাকাতির খবর শুনে পুলিশ পাঠিয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এখনো লিখিত কোন অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।