রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দুই শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদ ও সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন করেছে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
রবিবার দুপুর দেড়টার দিকে বিভাগের সামনে তারা এ মানববন্ধন করে। বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী রফিকুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন বিভাগের শিক্ষক ড. মুসতাক আহমেদ, মামুন আব্দুল কাইয়ুম, মো. আব্দুল্লাহীল বাকী প্রমুখ।
এর আগে শনিবার রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্টেশন বাজার এলাকায় রায়হানুল ইসলাম রিংকু ও সাইফুল ইসলামকে রড দিয়ে পিটিয়ে জখম করে দুর্বৃত্তরা। তারা দুজনেই বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। গুরুতর আহতাবস্থায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
