ডিজিটাল কমিউনিকেশন সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক প্রথমবারের মতো বাংলাদেশে নিয়ে এসেছে ডিজিটাল হেলথ অ্যাপ ‘বাংলালিংক হেলথ জোন’। এই অ্যাপ ব্যবহারকারীরা তাদের নিজ নিজ অবস্থান থেকেই ব্যক্তিগত স্বাস্থ্য সেবা নিতে সক্ষম হবেন।
এই অ্যাপের অত্যাধুনিক প্রযুক্তির ড্যাশবোর্ড পদ্ধতির মাধ্যমে বাংলালিংক গ্রাহকরা ব্যক্তিগত স্বাস্থ্য সম্পর্কিত যাবতীয় তথ্য সংরক্ষণ করতে পারবেন। এটির ব্যক্তিগত মেডিকেল ডিভাইস ডাটা দিয়ে গ্রাহকরা তাদের স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপক তথ্য সন্নিবেশিত করতে পারবেন। এছাড়াও ব্যবহারকারীরা মোবাইলের মাধ্যমে চিকিৎসক অথবা কেয়ার প্রোভাইডারকে স্বাস্থ্য সম্পর্কিত তথ্যগুলো শেয়ার করতে পারবেন।
‘বাংলালিংক হেলথ জোন’- এ সাবস্ক্রাইব করে গ্রাহকরা হার্ভার্ড মেডিকেলের বিশেষজ্ঞ ডাক্তারদের দ্বারা সম্পাদিত পরামর্শ, টিপস বিভিন্ন রোগ ও স্বাস্থ্য বিষয়ক বিস্তারিত তথ্য পাবেন। এটি একটি সাবস্ক্রিপশন ভিত্তিক সেবা। গুগল প্লে ও অ্যাপল স্টোরে এই অ্যাপ পাওয়া যাবে। রেজিস্ট্রেশন করার পর গ্রাহকরা ৫০ টাকায় ৭০ মেগাবাইট বোনাস ডাটা ভলিউম ১০ দিন উপভোগ করতে পারবেন।
বাংলালিংক-এর হেড অব কন্টেন্ট জিয়াউল হক শিকদার বলেন, দেশের স্বাস্থ্য খাত সরকারের একটি অন্যতম গুরুত্বপূর্ণ খাত। তবে এই খাতে খুব বড় ধরনের ডিজিটাল সেবা লক্ষ্য করা যায় না। মানুষ কোনো অসুবিধায় পড়লে তাৎক্ষণিক সেবা গ্রহণের জন্য কোনো ওয়ান স্টপ সেবা পাওয়ারও সুযোগ নেই। সাধারণ মানুষের এই অসুবিধার কথা বিবেচনা করে বাংলালিংক-এ আমরা দেশে প্রথমবারের মতো ডিজিটাল হেলথ অ্যাপ সার্ভিস ‘বাংলালিংক হেলথ জোন’ আনতে পেরে সত্যিই আনন্দিত। এর ফলে বাংলালিংক ডিজিটালাইজেশনের ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে গেল।
ডিজিটালাইজেশনের প্রতি গুরুত্ব দিয়ে বাংলালিংক গ্রাহকদের ভবিষ্যতের ডিজিটাল দুনিয়ায় সংযুক্ত করতে চায় এবং গ্রাহকদের জন্য অসীম সম্ভাবনা উন্মুক্ত করতে চায়। এটি দেশে ডিজিটাল স্বাস্থ্য সেবার পথ সুগম করবে এবং জনসাধারণ এটি ব্যবহার করে উপকৃত হবেন।
