চট্টগ্রামে ১৮ দোকানিকে দেড় লাখ টাকা জরিমানা

আপডেট : ১২ জুন ২০১৬, ১৯:২২
মেয়াদোত্তীর্ণ ভোগ্যপণ্য বিক্রি ও মূল্য তালিকা না টানানোসহ বিভিন্ন অনিয়মের দায়ে চট্টগ্রামে ১৮ দোকানিকে এক লাখ ৪৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
 
রবিবার নগরীর কাটগড় বাজার, বন্দরটিলা, স্টিলমিল, পাহাড়তলী ও কর্ণফুলি কমপ্লেক্সে এ অভিযান পরিচালনা করে চট্টগ্রাম জেলা প্রশাসন।
 
পতেঙ্গার কাটগড় এলাকার ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট ফোরকান এলাহী অনুপম বলেন, মূল্য তালিকা না টানানো ও মেয়াদোত্তীর্ণ ভোগ্যপণ্য বিক্রি করার অপরাধে কাটগড় বাজারের তিন বিক্রেতাকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ৩৬ কেজি নষ্ট খেজুর, বেশ কিছু চিপস ও চানাচুরের প্যাকেট ধ্বংস করা হয়।
 
একই এলাকার বন্দরটিলা এলাকায় বেশি দামে পণ্য বিক্রি ও মূল্য তালিকা না টানানোর দুই ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। নগরীর স্টিলমিল বাজারের চার ব্যবসায়ীকে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়।  
 
মূল্য তালিকা প্রদর্শন না করায় নগরীর পাহাড়তলী বাজারে তিন ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুল ইসলাম।
 
এ ছাড়া নগরীর কর্ণফুলি কমপ্লেক্স মার্কেটে অতিরিক্ত দাম নেয়ায় ছয় ব্যবসায়ীকে বিভিন্ন পরিমাণ মোট ৭০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাব্বির রহমান।