নওগাঁর পোরশায় জমি সংক্রান্ত পারিবারিক বিরোধে রবিবার দুপুরে চাচা হান্নানের লাঠি আঘাতে ভাতিজা আব্দুল করিম (৩০) মারা গেছে। এ ঘটনায় দুই পক্ষের অন্তত ১৪জন আহত হয়েছে। নিহত করিম উপজেলার নিতপুর ইউনিয়নের গোলাডাঙ্গা গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাব্বেরুল হক জানান, আব্দুল করিমের বাড়ির সামনের রাস্তা নিয়ে দুপুরে তার সঙ্গে চাচা মো: হান্নানের (৪২) কথা কাটাকাটি হয় । এক পর্যায়ে চাচা লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে ভাতিজার ওপর হামলা চালায়। করিমের মাথায় লাঠি দিয়ে আঘাত করে। করিম ঘটনাস্থলে মাটিতে লুটিয়ে অচেতন হয়ে পড়ে। এ সংবাদ ছড়িয়ে পড়লে দুপক্ষের মধ্যে সংর্ঘষে বাধে । এতে ১৪জন আহত হয়।
স্থানীয়রা করিমসহ আহতদের উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। করিমের অবস্থার অবনতি হলে তাকে রাতে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ হয়। রাজশাহী যাওয়ার পথে রাত সাড়ে ৯টার দিকে করিম মারা যান।
ওসি আরো জানান, ঘটনার পর হান্নানের পরিবারে লোকজন পলাতক রয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছিল।
