কড়ইতলা বেইলী ব্রিজটির অবস্থা খুবই ঝুঁকিপূর্ণ। এ ব্রিজটি দিয়েই প্রতিদিন চলাচল করছে বাঞ্ছারামপুর-আড়াইহাজার সড়কের শত শত যানবাহন। এটি যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে। আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভার রামচন্দ্রদী এলাকায় কড়ইতলা নদীর উপরে বেইলী ব্রিজটি নির্মাণ করা হয়েছে নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ে। দীর্ঘ একযুগেরও বেশি সময়ে বেইলি ব্রিজটির অবস্থা শোচনীয় হয়ে পড়েছে। ব্রিজের নাটবল্টু প্রায় সময়েই আলগা হয়ে পড়ে। ভারি যানবাহন উঠলেই ক্যাচ ক্যাচ শব্দে ব্রিজটি দুলে ওঠে। সওজ সূত্রে জানা গেছে, মেঘনা নদীতে ফেরি সার্ভিস চালু হওয়ার পর থেকে বাঞ্ছারামপুর উপজেলার লোকজন এখন আড়াইহাজার উপজেলার উপর দিয়ে চলাচল করে। মেঘনা নদী পার হয়ে এখন বাঞ্ছারামপুরের যানবাহন আড়াইহাজার উপজেলা বাইপাস হয়ে ঢাকায় ঢোকে। এ কারণে কড়ইতলা বেইলি ব্রিজের উপর বেশি চাপ পড়ে। বাঞ্ছারামপুরের যানবাহনের কারণে এ ব্রিজের দু’পাশে মাঝেমধ্যে সৃষ্টি হয় বিশাল যানজট। তাছাড়া ব্রিজটি একসময় নির্মাণ করা হয়েছিল শুধুমাত্র হালকা যানবাহনের জন্য। এখন এটি দিয়ে অনবরত চলছে ভারি যানবাহন।
সওজের সুপারভাইজার মো. মাহাবুবুর রহমান জানান, নড়বড়ে ব্রিজের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করা যায় এ বিষয়ে শিগগিরই ব্যবস্থা নেয়া হবে।
