গাজীপুরে গাড়ির ধাক্কায় নারী নিহত

আপডেট : ১৩ জুন ২০১৬, ০৯:২৮
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় গাড়ির ধাক্কায় অনিতা রানী (২৪) নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 
 
অনিতা কালিয়াকৈর উপজেলার চাপাইর এলাকার নিবাস চন্দ্র দাশের স্ত্রী। 
 
সালনা (কোনাবাড়ী) হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, আজ সকাল ৭টার দিকে কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হচ্ছিলেন অনিতা রানী। এ সময় একটি অজ্ঞাত গাড়ি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে গেলে ঘটনাস্থলেই তিনি মারা যান। 
 
পুলিশ মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।