মানিকগঞ্জে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে একজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরো পাঁচজন।
সোমবার সকাল সোয়া ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয় উপজেলার মহাদেবপুরে এ দুর্ঘটনা ঘটে।
বরংগাইল হাইওয়ে পুলিশ সূত্র জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে থাক্কা লাগে। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে গেলে আহত হয় ৬ যাত্রী। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে একজনের মৃত্যু হয়।
তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি। আহতদেরকে মানিকগঞ্জ সদর হাসপাতাল ও মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছেন বলে জানায় স্থানীয়রা।
