বাগেরহাটের ফকিরহাটে পিকআপ ভ্যান চাপায় দম্পতি নিহত হয়েছে। সোমবার সকালে খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাটের বৈলতলী এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ফকিরহাট উপজেলার পিলজং গ্রামের হরিপদ দাসের মেয়ে সুমিতা রানী দাস (২৫) ও তার স্বামী রাজবাড়ী জেলার সুজিত দাস (৩৫)।
কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ. মান্নান ফরাজী জানান, সোমবার সকালে সুজিত দাস পিলজং গ্রামে তার শশুরবাড়ি থেকে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেল যোগে রাজবাড়ি জেলায় নিজ বাড়িতে ফিরছিলেন। ফকিরহাট উপজেলার বৈলতলী এলাকায় পৌঁছলে গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ওই দম্পতি ঘটনাস্থলে নিহত হয়। পুলিশ লাশ উদ্ধার করেছে। পিকআপ ভ্যান আটক করলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়।
