ঘুম না এলে এর চাইতে বিরক্তিকর আর কিছু হতে পারে না। সারাটা রাত বিছানার এপাশ-ওপাশ করে কাটানো খুবই কষ্টের। যার প্রভাব পড়ে সংসার থেকে কর্মক্ষেত্রে। ডিপ্রেশন জন্ম নেয়। তবে এবার সেই সমস্যার সমাধান এসে গিয়েছে। এজন্য কেবল প্রিয় স্মার্টফোনটিতে ডাউনলোড করে নিতে হবে একটি অ্যাপ। নাম ‘মাই স্লিপ বাটন’। এই অ্যাপের কল্যাণেই আপনাকে আর বিনিদ্র রজনী কাটাতে হবে না। আপনি যেমন ঘুম চাইবেন তেমনই পাবেন। যখন উঠতে চাইবেন তখন উঠতে পারবেন।
কানাডার সিমন ফ্রাশার বিশ্ববিদ্যালয়ের গবেষক লুক বেদুইন এই অ্যাপ তৈরি করেছেন। অ্যাপটি ইতোমধ্যে পরীক্ষামূলকভাবে বিশ্ববিদ্যালয়টির ১৫৪ জন শিক্ষার্থীর উপর প্রয়োগও করেছেন তিনি। বেশিরভাগ ক্ষেত্রেই তা সফল।
১৪ জুন আমেরিকান অ্যাকাডেমি অব স্লিপ মেডিসিন ও স্লিপ রিসার্চ সোসাইটি আয়োজিত ‘স্লিপ ২০১৬’ শীর্ষক এক সভায় গবেষণা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন গবেষকরা।
গবেষক লুক দাবি করেন, 'ঘুম কম হলে এর জন্য দুশ্চিন্তা, নিয়ন্ত্রণহীন চিন্তা আর চঞ্চল মনকে দায়ী করেন ভুক্তভোগীরা। এ অবস্থা থেকে মনকে শান্ত করতে ‘সিরিয়াল ডাইভার্স ইমেজিং’ (এসডিআই) বা ‘কগনিটিভ শাফল’ পদ্ধতি ব্যবহার করেছি আমি। এই পদ্ধতি মনকে দুশ্চিন্তা থেকে বের করে নতুন কিছু ভাবতে নির্দেশ দেয়।' সূত্র- টাইমস অফ ইন্ডিয়া।
