নওগাঁয় পুলিশের তালিকাভুক্ত জেএমবির সদস্য হাতেম আলীসহ (৪৫) বিভিন্ন মামলার ৭১ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। হাতেম আলীকে গ্রেফতারের সময় তিনটি ককটেল উদ্ধার করা হয়। হাতেম আলী মান্দা উপজেলার তাল পাতিলা গ্রামের মৃত তঞ্জেব আলীর ছেলে।
পুলিশ সুপার মোজাম্মেল হক বিপিএম, পিপিএম জানান, সারা দেশে সাম্প্রতিক সন্ত্রাস ও জঙ্গি তৎপরতা বৃদ্ধি রোধে এবং দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রবিবার সকাল থেকে সোমবার ভোর পর্যন্ত জেলার ১১টি উপজেলায় এই সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশের তালিকাভুক্ত জেএমবি সদস্য হাতেম আলীকে ৩টি ককটেলসহ, নিয়ামতপুর উপজেলার চৌরা সমাসপুর গ্রামের শিবির ক্যাডার মো. ছালেকুর (২৩), ধামইরহাট উপজেলার ইসবপুর ইউনিয়নের জামায়াত ইসলামির আমির ফিরোজ হোসেনকে(৪০) গ্রেফতার করা হয়।
এ ছাড়াও জেলায় উগ্রবাদী, সন্ত্রাসী, জঙ্গি, জঙ্গি সংক্রান্ত মামলায় সাজাপ্রাপ্ত/পলাতক/চার্জসিটভুক্ত ও বিভিন্ন মামলায় গ্রেফতার পরোয়ানার আসামিসহ ৭১ জনকে গ্রেফতার করা হয়েছে।
