নওগাঁয় আড়াই বছর পর লাশ উত্তোলন

আপডেট : ১৩ জুন ২০১৬, ১৯:৩৪
নওগাঁর সদর উপজেলায় প্রায় আড়াই বছর পর কবর থেকে উজ্জল হোসেন (২৪) নামে এক যুবকের লাশ উত্তোলন করা হয়েছে।
 
সোমবার উপজেলার হাঁপানিয়া ইউনিয়নের শালুকা গ্রামের কবরস্থান থেকে তার লাশ তোলা হয়।
 
জানা গেছে, ২০১৩ সালের ১০ সেপ্টেম্বর আত্রাই উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের গণ্ডগোয়ালি গ্রামের খাদেম আলীর বাড়িতে ঘুমন্ত অবস্থায় উজ্জল হোসেন বল্লমের আঘাতে গুরুতর আহত হন। প্রায় তিন মাস পর ওই বছরের ১৬ ডিসেম্বর রাজশাহী জমজম ইসলামী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় নিহতের পরিবার আত্রাই থানায় অভিযোগ করলেও বিষয়টি মামলা হিসেবে গ্রহণ করেনি পুলিশ। ঘটনার দুই বছর পর চলতি বছর এপ্রিল মাসে মোবাইল ফোনে অডিও রেকর্ডের সূত্র ধরে উজ্জল হোসেনকে পরিকল্পিতভাবে হত্যার বিষয়টি জানাজানি হয়। ঘটনা জানাজানি হলে গত ৮ এপ্রিল নওগাঁ ৯ নং আমলী আদালতে উজ্জলের বাবা বাদী হয়ে শুটকিগাছা গ্রামের রেজাউল ইসলাম (৪৫), গণ্ডগোয়ালি গ্রামের ছাইফুল ইসলাম (৩৫) ও দিঘী পাড়া গ্রামের মাহতাব আলীকে (৫০) আসামি করে মামলা করেন। মামলার পর পুলিশ রেজাউল ইসলামকে গ্রেফতার করে।  আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপন কুমার সাহা ও মামলার তদন্ত কর্মকর্তা আত্রাই থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তফা কামাল উপস্থিত থেকে কবরস্থান থেকে উজ্জলের লাশ উত্তোলন করেন।
 
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপন কুমার সাহা বলেন, আদালতের নির্দেশে লাশ ময়নাতদন্তের জন্য ওঠানো  হয়েছে।