সুপার শপে প্রক্রিয়াজাতকৃত মুরগির মান নিশ্চিতে অভ্যন্তরীণ তদারকির মান বাড়ানোর তাগিদ

আপডেট : ২২ নভেম্বর ২০১৮, ২১:১৩

গতকাল বৃহস্পতিবার ক্যাব কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইনের সভাপতিত্বে ইউকে এইড, ব্রিটিশ কাউন্সিলের সহায়তায় প্রকাশ প্রকল্পের কারিগরি সহযোগিতায় কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), চট্টগ্রামের আয়োজনে এক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রক্রিয়াজাত মুরগি বিক্রয়ে সুপার শপ, জেলা প্রশাসন, জেলা প্রাণিসম্পদ অফিস, জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর, জেলা খাদ্য অফিস ও ক্যাব প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, সরকারের নানামুখী কর্মকাণ্ডে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হলেও নিরাপদ খাদ্যের বেলায় অনেক জায়গায় এখনো দুর্বলতা রয়েছে। মানুষের জীবনযাত্রার উন্নয়নের সাথে সাথে মানুষের ক্রয় ক্ষমতা ও আচার-আচরণে অনেক পরিবর্তন এসেছে। ঝামেলাবিহীন কেনা-কাটায় এখন অনেকে সুপার শপমুখী। আবার দেশীয় প্রাণিজ আমিষের সিংহভাগ যোগান দিচ্ছে পোল্ট্রি মাংস। অনেকেই বিভিন্ন নামি-দামি সুপার শপ থেকে প্রক্রিয়াজাতকৃত মুরগি ক্রয় করে থাকেন; কিন্তু এ সমস্ত ড্রেসড (প্রক্রিয়াজাতকৃত) মুরগিগুলো মানসম্মতভাবে জবাই খানায় প্রক্রিয়াজাত করা হচ্ছে কিনা এবং সেখানে নিরাপদ খাদ্যের যাবতীয় স্বাস্থ্যবিধিগুলো পুরোপুরি মেনে চলা হচ্ছে কিনা তা তদারকি প্রয়োজন। প্রক্রিয়াজাত মুরগির প্যাকেটের গায়ে উত্পাদন, মেয়াদ, বয়স ও খামারির নাম বাধ্যতামূলক রাখা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, প্রাণিসম্পদ অধিদপ্তরের নিবন্ধনকৃত জবাইখানায় ভেটিরিনারি সার্জন কর্তৃক স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করা, খামারির উত্পাদন, পরিবহন, সংরক্ষণ থেকে খাবার টেবিলে পৌঁছানো পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে উত্পাদক, বিক্রেতা ও ভোক্তা পর্যায়ে সচেতনতা সৃষ্টিতে ব্যবসায়ী, সরকার, গণমাধ্যম ও ভোক্তা সংগঠনের সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।

সভায় বক্তব্য রাখেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হাবিবুর রহমান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ রিয়াজুল হক জসিম, জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ হাসানুজ্জমান, ক্যাব চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, ভেটিরিনারি সার্জন ডা. সেতু ভূষণ দাস, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদুল ইসলাম, জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক বিকাশ দাস, থানা পশু-সম্পদ কর্মকর্তা ডা. জাকিয়া আকতার, ক্যাব চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি আবদুল মান্নান, ক্যাব মহানগরের সভাপতি জেসমিন সুলতানা পারু প্রমুখ।